নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহারে সমৃদ্ধি কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়েছে সমৃদ্ধি উন্নয়ন মেলা, উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৪ মে) বিকেল ৩টায় সাপাহার উপজেলা রিক অফিস প্রাঙ্গণে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক সাপাহার এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, রিক-এর কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র ম্যানেজার (মনিটরিং) আব্দুল আলিম, দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার ওলিউল ইসলাম, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিশোর-কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা ক্রীড়া প্রতিযোগিতা, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ বিভিন্ন সামাজিক অবদানের জন্য বিশেষ ব্যক্তিদেরও পুরস্কৃত করা হয়।
মেলায় ১০টি স্টলের মাধ্যমে কৈশোরবান্ধব কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা প্রদর্শিত হয়, যা আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান সম্পর্কে উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম রনি বলেন, “এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্ব গুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”











