সাপাহার উপজেলায় আমের মৌসুমে যানজট নিরসনে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর সাপাহার উপজেলায় আমের মৌসুম শুরু হতে চলেছে এবং এ উপলক্ষে বাজার এলাকায় সৃষ্ট যানজটের সমস্যা নিরসন, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আম বাজারজাতকরণ প্রক্রিয়া সহজ করতে উপজেলা প্রশাসন বিশেষ নির্দেশনা জারি করেছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী উঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট কমানোর লক্ষ্যে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে:

  • নওগাঁ ও পত্নীতলা থেকে আগত যানবাহন গোডাউনপাড়া মোড় ব্যবহার করবে।

  • পোরশাগামী যাত্রীরা জয়পুর ফিলিং স্টেশন মোড় ব্যবহার করবেন।

  • তিলনা গামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে উঠানামা করবেন।

  • খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী উঠানামা করবে।

এছাড়া, ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ করা হবে।

উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, যদি কেউ নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও আমচাষিরা বলেছেন, “প্রতি বছর আম মৌসুমে যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি মিলবে।”

সাপাহার উপজেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে আম মৌসুমে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যায়।