সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:

সাবেক কৃষিমন্ত্রী ও উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাবেক মন্ত্রীর ভাই, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল এবং আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি গত সোমবার মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক মিছবাহুর রহমানের আদালতে দাখিল হয়।

মামলার বাদী, শ্রীমঙ্গল শহরতলির সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও এলাকার বাসিন্দা, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দীন অভিযোগ করেন যে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ জেলার মিরপুর নামক স্থানে বিএনপি কর্মীরা অভ্যর্থনা জানিয়ে ফিরছিলেন। পরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় পৌঁছালে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এবং তার দুই ভাইয়ের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীসহ বিএনপি কর্মীদের ঘেরাও করে মারধর শুরু করেন।

বাদী আরও অভিযোগ করেন যে, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে শহরের চৌমুহনায় ব্যারিকেড দিয়ে রাখা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর, মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।