নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে জনতার ‘মব’ দ্বারা হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা নেবে। রাষ্ট্রকে সহনশীলতা বজায় রেখে কার্যকর উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগোতে হবে।”
সোমবার (২৩ জুন) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঘটনার প্রতিক্রিয়ায় তিনি জানান, “সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঘটনার পর মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেবে। মব জাস্টিস যেমন হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।










