সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিকে আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব পালনকালে সাংবিধানিক সুরক্ষা পাওয়ায় ওই সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তবে রাষ্ট্রপতি হওয়ার আগের সময়ের কোনো অভিযোগ বা মামলা থাকলে তা আইন অনুযায়ী চলবে।

 

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে সবার কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে। তবে এসব অভিযোগের মধ্যে সরকার আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি দেখছে না।

 

তিনি বলেন, শারীরিক কারণ দেখিয়ে সংবিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র সাংবিধানিক বিধান অনুসারে স্পিকারের কাছে জমা দেওয়া হয় এবং তা গ্রহণ করা হয়েছে।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের সময়েও সাবেক রাষ্ট্রপতি বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। সরকার তার সহযোগিতা পেয়েছে। তাই তাকে গ্রেপ্তারের দাবিকে গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় সরকার দেখছে না।

 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়ের কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ অধিকার ও দায়মুক্তি ভোগ করেন। ফলে দায়িত্ব পালনকালীন কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তবে দায়িত্বের বাইরের কোনো সময়ের অভিযোগ বা মামলা থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী বিবেচিত হবে।

 

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তার নিরাপত্তার জন্য ছয় মাস পর্যন্ত বিশেষ নিরাপত্তার বিধান রয়েছে। এ সময় এসএসএফ, পিজিআরসহ নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।

 

সাবেক রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। তিনি বলেন, কোনো গণমাধ্যম এ ধরনের দাবি করলে তার প্রমাণও তাদেরই দিতে হবে।

 

সাবেক রাষ্ট্রপতি হওয়ার আগে তার দায়িত্ব পালনকালে কোনো অভিযোগ থাকলে তা আইন ও বিধি অনুযায়ী বিবেচনা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এদিকে মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, উল্টোরথের দিন কাকতালীয়ভাবে সেখানে বোমা পাওয়া গেছে। এর সঙ্গে উল্টোরথের কোনো সম্পর্ক নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

অনুষ্ঠানে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।