নিজস্ব প্রতিবেদক :
আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে নরসিংহপুরের এস টুয়েন্টি ওয়ান অ্যাপারেলস লিমিটেডের সংলগ্ন জুয়েল রানারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে জুয়েল আহমেদের দ্বিতল ভবনের দেওয়ালে ফাটল ধরে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (৪০), জহুরুল (২৬) ও জাহানারা (৪০)। তারা ফরিদপুর জেলার বাসিন্দা ও একই পরিবারের সদস্য।
আহতদের প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।











