সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এ নিষেধাজ্ঞার আওতায় প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলনসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
সোমবার জারি হওয়া এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য চলমান থাকায় বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মন্তব্য করুন
