সারাদেশে আকাশ মেঘলা হলেও শুষ্ক থাকার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক:

এফএনএস: সারাদেশের আকাশ মেঘলা হলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববারের পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে ঘন কুয়াশা চলমান থাকতে পারে।

গতকাল শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।