নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি মেঘনা ট্রেডার্স’-এর ইঞ্জিন রুমে লাগা আগুন সাড়ে চার ঘণ্টার যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এর আগে পবিত্র ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে পার্কি বিচ-সংলগ্ন চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে অবস্থানরত জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে ইঞ্জিন রুম থেকে ক্রুদের সরিয়ে নেওয়া হয় এবং আগুন নেভাতে সেখানে কার্বন ডাই-অক্সাইড গ্যাস প্রয়োগ করা হয়। খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, পরবর্তীতে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’সহ একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল এই অভিযানে যোগ দেয়। যৌথ প্রচেষ্টায় জাহাজটিতে থাকা মোট ২২ জন ক্রুর সবাইকে অক্ষত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে এসে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে হঠাৎ লাগা আগুন বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং স্থানীয় এজেন্ট ইউএসএল যৌথভাবে কাজ করছে।











