সিরাজগঞ্জের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের হাটিকুমরুল ও ধোপাকান্দি এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় শুরু হওয়া এই কর্মসূচির ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

নবগঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রায় নয় বছর ধরে ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এখানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা এবং ১০৭ জন কর্মচারী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ—বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত এবং ব্যবস্থাপনায় শিক্ষা কার্যক্রম চলছে।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জন্য ১০০ একর জমিতে প্রায় ৫১৯ কোটি টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের একটি নতুন ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পরিকল্পনা করা হয়েছে। একনেক নীতিগত অনুমোদন দিলেও বাস্তবায়ন বিলম্বে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হন। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র হবে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন এবং প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও স্থানীয় নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আগে থেকেই বিষয়টি জানত এবং যানবাহন শহরের ভিতর দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শ্রেণিকক্ষে স্থান সংকট, মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া ও আবাসন সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে। তারা সরকারের কাছে দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জোর দাবি জানান।