জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার বিভিন্ন স্থানে। বিশেষ করে, ব্রাহ্মণবয়ড়া থেকে পাঁচঠাকুরি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন।
গত বৃহস্পতিবার (২২ মে) রাতে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায় যমুনা তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় নদীপাড়ের স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, দুই মাস আগেই ভাঙনের পূর্বাভাস মিললেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তখন কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে বর্তমানে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে এবং ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।
জানা গেছে, সিরাজগঞ্জ সদর ছাড়াও শাহজাদপুর, চৌহালী, বেলকুচি ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকাও পানিতে তলিয়ে যাচ্ছে।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবয়ড়া, ভাটপিয়ারি ও পাঁচঠাকুরি এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানিয়েছেন, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।











