জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকৃত ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগীদের সাথে সিলেটের জেলা প্রশাসকের সম্ভাব্য চূড়ান্ত শুনানি আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ভুক্তভোগীদের সাথে আলাপ করে ৭ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
এদিকে, শুনানির আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন ভুক্তভোগীরা। তারা জানান, বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে প্রাপ্য টাকা দেয়া হয়নি। ভুক্তভোগীরা দাবি করেন, “আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৭ এপ্রিল আমাদের সুবিচার দেয়া না হলে, আমরা পরিবারসহ রাস্তায় নামতে বাধ্য হবো।”
শুনানি সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, ক্যাব’র মো. কবির হোসেন এবং ভুক্তভোগী প্রতিনিধি হিসেবে ফিরোজ আলী, আব্দুল হাকিম, মন্তাজ আলী, সাইচ্চা মিয়া, সাহেদ আহমদ, সুনু মিয়া, কবির আহমদ সহ অন্যান্যরা।











