সীমান্ত সম্ভার মার্কেটের জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার মার্কেটের একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণ কুমিল্লার একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, ৩ জানুয়ারি রাতে ডাকাত চক্রের সদস্যরা দোকানের শাটার কেটে ঢুকে মাত্র ৮ মিনিটের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আরও বলেন, চোর চক্রের সদস্যদের মধ্যে ৮ থেকে ৯ জন জড়িত ছিল এবং বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।