সুদানে হাসপাতালে হামলায় ৭০ জন নিহত, আক্রমণের জন্য দায়ী র্যাপিড সাপোর্ট ফোর্সেস

অনলাইন ডেস্ক:

সুদানের এল ফাশেরে অবরুদ্ধ একমাত্র হাসপাতালে ভয়াবহ হামলায় ৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস রবিবার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই হামলায় নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হামলার সময় হাসপাতালটি রোগীতে পরিপূর্ণ ছিল এবং এতে ১৯ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।

ডব্লিউএইচও আরও জানায়, একই সময় আল মালহার নামক আরেকটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়। এই বর্বরোচিত হামলার জন্য সুদানের সামরিক বাহিনীর সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কে দায়ী করা হচ্ছে। ২০২৪ সালের মে মাস থেকে এল ফাশের শহরে অবরোধসহ সংঘাতের সময় আরএসএফের বিরুদ্ধে অনেক নৃশংস ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে।

চলমান সংঘাতে এল ফাশের শহরের প্রায় ১০ লাখ বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। তারা মাসের পর মাস সহিংসতা ও বঞ্চনা সহ্য করছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই সংঘাতে ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এছাড়া, জাতিগত আফ্রিকান গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করার খবরও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং সুদানে শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে।

এদিকে, সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ হামলাকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।