সুন্দরবনের চারপাশে ১০ কিমি এলাকাজুড়ে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবন রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণ করা যাবে না।

‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এর ধারা ৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, এই এলাকা ইতোমধ্যে “প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area – ECA)” হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার আওতায় ওই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তবে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ হলেও, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, দূষণ হ্রাস, পরিবেশগত মান উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম চালানো যাবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সুন্দরবনকে ঘিরে গঠিত ইসিএ এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।