অনলাইন ডেস্ক:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই, কারণ একটি সুস্থ জাতি দেশের জন্য বড় কাজ করতে পারবে।” তিনি গতকাল শনিবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ বছর ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১০ হাজার দৌঁড়বিদ অংশ নিয়েছেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’। এটি এখন পর্যন্ত দেশে আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন, যেখানে ১০টি দেশের বিদেশি ম্যারাথনারও অংশগ্রহণ করেন। ম্যারাথনের প্রথম দৌঁড় গতকাল ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিটে শুরু হয়।
সেনাপ্রধান জানান, “এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল জয়-পরাজয় নয়, বরং দেশ ও জাতিকে শারীরিকভাবে সক্ষম করে তোলা।” তিনি আরও বলেন, “এবার যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। ভবিষ্যতে এ ধরনের আরও ম্যারাথন আয়োজন করা হবে।”
ম্যারাথনের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহী করার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মিলিটারি একাডেমিতে এখন আর তেমন ক্যাডেট নেই। আগে যেভাবে শারীরিক সুস্থতা ছিল, এখন তেমন দেখা যায় না।” তিনি উল্লেখ করেন, বর্তমানে তরুণরা শারীরিক কার্যকলাপে কম আগ্রহী এবং খেলার মাঠও সেভাবে নেই। এজন্য তিনি ম্যারাথনের মাধ্যমে তরুণদের শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন।
এছাড়া, সেনাপ্রধান আগামী ৩১ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেন এবং বলেন, “এ ধরনের ম্যারাথন দেশের বড় শহর ও জেলা শহরগুলোতে আয়োজন করা হবে।”











