অনলাইন ডেস্ক:
সৌদি আরবে দক্ষ এবং আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে, যা পূরণে বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি রিয়াদে বাংলাদেশের দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত সভায় ড. আসিফ নজরুল সৌদি আরবের বিভিন্ন মেগা প্রকল্পের কথা তুলে ধরেন, যেখানে বাংলাদেশি দক্ষ পেশাদারদের জন্য কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। তিনি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি ২০২৭ সালের এএফসি এশিয়া কাপ, ২০২৯ সালের শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টের কথা উল্লেখ করেন, যা বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলো বাংলাদেশি দক্ষ পেশাদারদের উপস্থিতি স্বীকার করলেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এর মধ্যে রয়েছে তথ্যের অভাব, ভিসা প্রসেসের দীর্ঘসূত্রতা, ভাষা প্রতিবন্ধকতা, বোর্ডিং-পূর্ব প্রশিক্ষণের অভাব এবং মার্কেটিং ও নেটওয়ার্কিং সংক্রান্ত চ্যালেঞ্জ। এ সকল সমস্যার সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত শ্রম মেলা, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. আসিফ নজরুল অনুষ্ঠানে সৌদি আরবের কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশের কর্মীদের সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে, তিনি দূতাবাসের নতুন ই-ডিমান্ড এটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন, যা সৌদি কোম্পানিগুলোকে অনলাইনে নিবন্ধন এবং কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে সাহায্য করবে, ফলে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং গতিশীলতা আসবে।
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের সময় ড. আসিফ নজরুল বিমান টিকিটের উচ্চ মূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের অভিযোগ শোনেন। তিনি এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের আহ্বান জানান।
প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সৌদি আরবের আইন ও সংস্কৃতি মেনে চলার এবং আইনবিরোধী কোনো কর্মকা-ে জড়িত না থাকার অনুরোধ করেন।
এছাড়া, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ড. আসিফ নজরুল জানান, সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করছে।
উল্লেখ্য, ড. আসিফ নজরুল বর্তমানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণের জন্য সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।











