সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেফতার
অনলাইন ডেস্ক:
পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ছয়জন প্রবাসী নারীকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের পুলিশ, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তর একযোগে এই অভিযান পরিচালনা করে।
গত শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে সৌদির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
তবে গ্রেফতার হওয়া এই নারীরা কোন দেশের নাগরিক কিংবা তারা সবাই একই দেশের কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পতিতাবৃত্তির অভিযোগে আটককৃতদের প্রথমে নিজেদের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। এরপর প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সমাজের নৈতিকতা পরিপন্থি নানা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার নিয়মিত দায়িত্বেরই অংশ হিসেবে এই ছয় প্রবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সৌদি আরবের প্রচলিত আইনে পতিতাবৃত্তি সম্পূর্ণ অবৈধ। এই অপরাধের সঙ্গে কেউ জড়িত প্রমাণিত হলে তাকে কঠোর কারাদণ্ড এবং আর্থিক জরিমানার মুখোমুখি হতে হয়। দেশটিতে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত পতিতাবৃত্তির দায়ে বেত্রাঘাতের শাস্তির বিধান চালু ছিল। তবে ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের এক আদেশে সেই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী নাগরিক পতিতাবৃত্তির মতো অপরাধে জড়িত থাকলে নির্ধারিত সাজা ভোগ করার পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়ে থাকে।
সৌদি আরবে বিবাহবহির্ভূত যেকোনো ধরনের সম্পর্ক আইনগতভাবে নিষিদ্ধ হওয়ায় এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে।
