ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কসোভোয় দক্ষ জনশক্তি নিয়োগ ও কর্মসংস্থানে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: 14 November 2026, 10:05 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

তুরস্কে চলমান জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও কসোভোর মধ্যে জলবায়ু, বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) তুরস্কে কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এই সাক্ষাৎ করেন কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি।

বৈঠকের শুরুতে দুই দেশের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বায়ুর গুণগত মান, পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় কসোভোর পক্ষ থেকে জানানো দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি পর্যায়ে সহায়তার আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপ আয়োজন, উচ্চপর্যায়ের সফর এবং বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

আলোচনাকালে কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের গভীর আগ্রহ প্রকাশ করলে তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের অপরিসীম গুরুত্ব বিশ্বমঞ্চে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি বিশেষ হস্তশিল্প উপহার দেওয়া হয় এবং কপ-৩১-এর গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন ঘুরে দেখার আমন্ত্রণ জানানো হয়।

উভয় দেশের নীতিনির্ধারকদের এই দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন