সৌদি আরবে অনুষ্ঠিতব্য ওয়াশিংটন-মস্কো আলোচনায় অনামন্ত্রিত কিয়েভ

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে আসন্ন মার্কিন-রাশিয়া আলোচনা সংক্রান্ত তথ্য প্রকাশ পাওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন যে, কিয়েভকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, এ বিষয়ে কোনো আমন্ত্রণপত্র বা আনুষ্ঠানিক কাগজপত্র তাদের হাতে পৌঁছায়নি।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। শীর্ষ কূটনীতিকরা উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। এরই মধ্যে ইউক্রেনকে আলোচনায় আমন্ত্রণ না জানানোয় জেলেনস্কি একে অদ্ভুত উল্লেখ করেন। তিনি বলেন, “যদি আমাদের এবং আমাদের কৌশলগত অংশীদারদের মধ্যে কোনো আলোচনা না হয়, তাহলে এটি আমার কাছে অদ্ভুত বিষয় হবে।”

ফক্স নিউজের প্রতিবেদনে উদ্ধৃত করা হয়, কিয়েভের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সৌদি আরবে আসন্ন আলোচনা নিয়ে ইউক্রেনীয় পক্ষকে কিছু জানানো হয়নি। পলিটিকোর মতে, এ আলোচনায় ইউরোপীয় প্রধান শক্তির প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন না।

পশ্চিমা দেশগুলো এবং কিয়েভ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ইউক্রেনের ভবিষ্যত বিষয়ে আলোচনা করতে হলে, কিয়েভের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।