নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ ডিইপিজেডের আওতাধীন প্রতিটি কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল। শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে নির্দিষ্ট সময়ে কারখানায় প্রবেশ করছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি ও কর্মস্পৃহা লক্ষ্য করা গেছে।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আশুলিয়া ও হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ সব কারখানার সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির বিশেষ টিমের নিয়মিত টহল ও পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও সমানতালে অব্যাহত রয়েছে।
সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে শিল্প পুলিশ। বর্তমানে পুরো শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষ ঠেকাতে এবং শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে।











