স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি :

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আধুনিকায়নসহ তিন দফা দাবিতে বরিশালে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।

রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে বরিশালসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং কুয়াকাটার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

‘ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর নেতাকর্মীরা। তাদের দাবি, স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও অনিয়ম দূর না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অবরোধ শুরুর সময় পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে কিছুক্ষণ হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটে গেলে আন্দোলনকারীরা পুরো সড়ক অবরোধ করেন।

সরেজমিনে দেখা যায়, অবরোধস্থলে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। দুই পাশেই আটকে রয়েছে শত শত যানবাহন। দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও চরম দুর্ভোগ দেখা দিয়েছে। অনেকে রাস্তায় নেমে হাঁটা শুরু করেছেন।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাসদস্য থাকলেও তারা সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “সমস্যা সমাধানে আলোচনা চলছে। আমরা আশা করি, দ্রুত অবরোধ তুলে নেওয়া হবে।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টার সরাসরি উপস্থিতি ও প্রতিশ্রুতি ছাড়া তারা কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করবেন না।

এর আগে গত তিনদিনও একই সময়ে সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি আগামী দিনগুলোতেও চলতে পারে বলে জানিয়েছেন তারা।