স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন, মিঠুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার দুদকের কাছে হস্তান্তর করা হবে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিঠুর বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, মিঠু ‘লেক্সিকোন মার্চেন্ডাইস’ ও ‘টেকনোক্রেট’ নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার নামে কৃষিজমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, ব্যাংক হিসাব, স্বর্ণালঙ্কারসহ মোট ১৪৭ কোটি টাকার সম্পদের হিসাব পাওয়া গেছে। এর মধ্যে বৈধ উৎসে পাওয়া গেছে মাত্র ৭১ কোটি টাকা।
দুদক অনুসন্ধানে দেখা গেছে, বাকি প্রায় ৭৬ কোটি টাকার সম্পদ মিঠুর আয়কর রিটার্ন ও বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ এটি অবৈধ উপায়ে অর্জিত।
প্রসঙ্গত, ২০১৬ সালের ‘পানামা পেপারস’-এও মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পণ্য সরবরাহে সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে তিনি প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।
