নিজস্ব প্রতিবেদক:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজবকে উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশে এখন হতাহতের সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব।”
বুধবার (২৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লেখেন, “২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু দুর্যোগ কভার করেছি। অভিজ্ঞতা থেকে জানি, পরিবারগুলোর মাধ্যমে নিখোঁজদের শনাক্ত হয়ে ধাপে ধাপে সব তথ্য প্রকাশ হয়। এই ঘটনাতেও মাইলস্টোন কলেজ প্রতিদিনের হাজিরা খাতা দেখে নিখোঁজদের শনাক্ত করতে পারবে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে হাসপাতালের তথ্য জানাচ্ছে এবং সামরিক বাহিনীও সহযোগিতা করছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর কোনো কারণ সরকারের নেই।”
দুর্ঘটনার পরদিন নিহতদের পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে মাইলস্টোন স্কুলে যান উপদেষ্টারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রেস সচিব জানান, ঘটনার স্বচ্ছতা নিশ্চিতে স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যা থেকে নিয়মিত আহত ও নিহতদের তালিকা প্রকাশ করা হবে। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যুক্ত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, “এই দুর্ঘটনা জাতীয় শোকের বিষয়। নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আমরা শহীদ হিসেবে গণ্য করছি। আসুন, আমরা একসঙ্গে কাজ করি যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথে শূন্য দুর্ঘটনার লক্ষ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা হবে।










