হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন। রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, চলতি বছরের ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন নেন অপু বিশ্বাস। সেই অনুযায়ী, গত ১০ জুলাই তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র- বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানার সামনে এনামুল হক নামের এক ব্যক্তিকে গুলি করা হয়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনায় এনামুল হক নিজেই চলতি বছরের মার্চে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা অভিযোগে মামলা করেন। অভিযুক্তদের মধ্যে ঢাকাই চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকার নামও রয়েছে।

মামলায় নায়িকা অপু বিশ্বাস ছাড়াও, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারদলীয় অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন।

এর আগে, মামলার আরেক আসামি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গত ১৮ মে গ্রেপ্তার করে পুলিশ। পরে, ২০ মে তাকে জামিন দেন আদালত।