নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ডেভিড ইমনকে চার সহযোগীসহ গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাদের চট্টগ্রামে নিয়ে এসে ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় আদালতে হাজির করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বয়স ২৫ বছর। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
রিমান্ডে নেওয়ার পর এসব মামলার বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।











