অনলাইন ডেস্ক:
ফোন ও নৌপথে পালানোর চেষ্টার পর গ্রেপ্তার, বর্তমানে আবারও রিমান্ডে ,ঢাকা, ২৮ জানুয়ারি: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় মো. আল আমিন (১৬) হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন। আদালত রিমান্ড শুনানিতে সালমান এফ রহমানের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে বক্তব্য রাখেন, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে অবস্থান নেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক মো. মোজাহিদুল ইসলাম রিমান্ডে নিয়ে তদন্তের জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর আরও কয়েকটি মামলায় তিনি রিমান্ডে ছিলেন।
উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার গোয়াল বাড়ী মোড় এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের বাবা ওবায়েদুল হাসান শেখ হাসিনাসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।











