হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি টমটম ইজিবাইকে থাকা দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগাহ গেইট এলাকায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহতরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক ছিলেন। সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে করে তারা কারখানায় যাচ্ছিলেন। মহাসড়কের দরগাহ গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

দুর্ঘটনার পর কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।