হামলায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন তিনি। জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সারজিস আলম বলেন, “এখনো গাজীপুরে খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। যদি আজকের মধ্যে হামলায় জড়িত খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা অভ্যুত্থানে দেখিয়েছি, এ দেশের ছাত্র-জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে। কিন্তু মনে রাখবেন, ধৈর্যের একটা বাঁধ আছে। আমাদের ধৈর্যের সেই বাঁধ ভেঙে ফেললে দেশে নতুন বিপ্লব দেখতে হবে।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, অ্যাডভোকেট সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুর রহমান, কালিয়াকৈর ইউনিটের সদস্য সুমন বারী, কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফসহ অনেকে।

অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে।” তিনি আরও বলেন, “আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ হামলার প্রতিবাদে রাতে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শুক্রবার রাত তিনটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।