অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। গত শনিবার এই সেনাদের মুক্তি দেওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি। মুক্তি পাওয়া চার সেনাকে গাজার রেড ক্রস সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২৩ সালে গাজার নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে এই চার সেনাকে বন্দি করা হয়েছিল। তাদের সামরিক পোশাক পরিয়ে মুক্তি দেওয়ার সময় রেড ক্রস সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়। মুক্তির পর, সেনাদের বহনকারী গাড়িটি গাজা ছেড়ে চলে গেছে।
হামাস গত শুক্রবার জানায়, ৭ অক্টোবর থেকে তারা যে চার ইসরায়েলি নারী সেনাকে বন্দি রেখেছিল, তাদের মুক্তি দেবে। এটি ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় দফার জিম্মি মুক্তি, যা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ঘটে।
বর্তমানে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে, যা চলতি মাসে তিন দেশের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতির প্রথম পর্ব অনুযায়ী, এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। পরবর্তী পদক্ষেপ হিসেবে এখন ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে।











