নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শপিংমল, বিপণিবিতান ও দোকানপাটের সময়সূচিতে বড় পরিবর্তন এসেছে। আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে ঈদ পর্যন্ত এসব দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় ধরে কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতারা। একই সঙ্গে ব্যবসায়ীরাও ঈদ মৌসুমে বিক্রি বাড়ানোর বাড়তি সময় পাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে জ্বালানি সাশ্রয়ের কারণে সরকার সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল। তবে ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি ও আলোচনার পর সেই সময়সীমা বাড়ানো হয়েছে।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে প্রথমে রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হলেও শেষ পর্যন্ত সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়। পাশাপাশি অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, “আমরা রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করেছিলাম। সরকার মানবিক বিবেচনায় রাত ১০টা পর্যন্ত অনুমতি দিয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়েছে।”
ব্যবসায়ীরা মনে করছেন, ঈদের আগে এই সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। সন্ধ্যার পর বাড়তি সময় পাওয়ায় ভিড় কিছুটা কমবে এবং ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে আগে জ্বালানি সংকটের কারণে সন্ধ্যা ৬টা এবং পরে ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছিল, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার স্বার্থে রাতের আলো ও বাণিজ্যিক কার্যক্রম সীমিত রাখতে হবে।
তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ঈদকেন্দ্রিক বাজার ব্যবস্থাকে স্বাভাবিক গতিতে ফেরানোর অংশ হিসেবেই এই নতুন সময়সূচি সঘোষণা করা হলো।











