নিজস্ব প্রতিবেদক:
প্রবাসীদের পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধান হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে শুরু করবেন। পর্যায়ক্রমে সকল প্রবাসীই পাসপোর্ট পাবেন।
বুধবার দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আইন উপদেষ্টা বলেন, “আমরা জানি, প্রবাসীদের পাসপোর্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে। ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু হবে এবং যাদের আবেদন করা হয়েছে, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে এটি পাবেন।”
সৌদি আরব এবং মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রথমে সৌদি আরব এবং মালয়েশিয়ার প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেওয়া হবে। এরপর, অন্যান্য দেশে যেসব প্রবাসীদের বেশি চাহিদা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে।”
এছাড়া, আসিফ নজরুল জানান, এমআরপি পাসপোর্টের জন্য যথেষ্ট পরিমাণ প্রিন্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না।
পাসপোর্টের জন্য প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, “এই সমস্যা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তখন এক মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটি তাঁর পরিচিত একটি কোম্পানিকে অনিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হওয়ায় দেড় বছর বিলম্ব হয়েছিল এবং প্রবাসীদের কষ্ট সহ্য করতে হয়েছে।”
অধ্যাপক ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা আর পাসপোর্ট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না।











