১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

নিবন্ধনবিহীন ও আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যবহার বন্ধে সরকার ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। অবৈধ হ্যান্ডসেট শনাক্ত, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং রাজস্ব ক্ষতি রোধে এটি হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ প্রযুক্তিগত ব্যবস্থা।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এনইআইআর চালুর মাধ্যমে টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর এনআইডি ও সিমের সঙ্গে যুক্ত করবে, ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা যাবে।”

তিনি জানান, সিস্টেমটি চালু হলে অবৈধ আমদানি বা নকল হ্যান্ডসেটের ব্যবহার পুরোপুরি বন্ধ হবে। এতে সরকার রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে, দেশীয় মোবাইল উৎপাদন শিল্প সুরক্ষিত হবে এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত ফোন দ্রুত শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে।

ফয়েজ তৈয়্যব বলেন, “এনইআইআর শুধুমাত্র একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি নাগরিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার একটি জাতীয় অঙ্গীকার।”

বিটিআরসি’র পাশাপাশি চার মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক—নিজস্ব ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) সিস্টেম উন্নয়নে কাজ করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এই সিস্টেম চালু হলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতি, সিম প্রতারণা ও স্ক্যাম রোধ করা সম্ভব হবে, ই-কেওয়াইসি যাচাই আরও শক্তিশালী হবে এবং রাজস্ব আদায় বাড়বে।

ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকর্মী ও অপারেটর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের টেলিকম খাত একটি নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে। বৈধ হ্যান্ডসেট ব্যবহারে সবাইকে উৎসাহিত করুন।”