নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য একই উপজেলা বা থানার মধ্যে অনলাইন বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই বদলি কার্যক্রম চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষকরা ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। এরপর ২৫ জানুয়ারি প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন যাচাই করা হবে। ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার আবেদন যাচাই করবেন এবং ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন যাচাই ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বদলির শর্তে বলা হয়েছে, শিক্ষকরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন। যদি কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকে, তবে এক বা দুটি বিদ্যালয়ও পছন্দ করতে পারবেন। তবে, আবেদন জমা দেওয়ার পর বদলির আদেশ জারি হয়ে গেলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর পছন্দক্রম অনুসারে বদলি হতে পারে, তবে একাধিক আবেদনকারী যদি একই বিদ্যালয় নির্বাচন করেন, সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন করা হবে, যার মধ্যে ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ থাকবে না। যাচাইকারী কর্মকর্তাদের জন্য সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ যাচাইয়ের পর কাগজপত্র পাঠানোর পর তা পুনর্বিবেচনার জন্য আবেদন গ্রহণ করা হবে না।











