ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি মুক্ত

প্রকাশিত: 4 September 2025, 12:27 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। ফলে মামলার সব আসামির মুক্তি নিশ্চিত হলো এবং বিচারপ্রক্রিয়ার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটল।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হকসহ অন্যান্যরা। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, শিশির মনিরসহ বিএনপিপন্থী একাধিক আইনজীবী।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শতাধিক, যার মধ্যে ছিলেন শেখ হাসিনাও।

প্রথমে বিএনপি-জামায়াত জোট সরকার তদন্ত চালালেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে পুনঃতদন্ত শুরু করে এবং সম্পূরক চার্জশিটে তারেক রহমান, বাবরসহ আরও অনেককে অভিযুক্ত করে। বিচারিক আদালত ২০১৮ সালে বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে বলেছিল, সম্পূরক চার্জশিটসহ বিচার প্রক্রিয়া অবৈধ ছিল। আজ সেই রায়ই বহাল করল আপিল বিভাগ।

মন্তব্য করুন