৪০০ মিলিয়ন ডলারের মালিক কেটি পেরি

অনলাইন ডেস্ক :

পপ দুনিয়ার আইকনিক গায়িকা কেটি পেরি শুধু সংগীতেই নয়, ব্যবসায়িক বিচক্ষণতায়ও নিজের আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছেন। জনপ্রিয়তা, সম্পদ ও প্রভাব—সব ক্ষেত্রেই তিনি শীর্ষে।

মার্কিন তারকাদের ধনী তালিকায় তার নাম অনেক এগিয়ে। সেলেব্রিটি নেট ওয়ার্থ অনুসারে, ২০২৫ সালে কেটি পেরির মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ডলার। তার সম্পদের মূল উৎস সংগীত, তবে এর বাইরেও রয়েছে একাধিক সফল ব্যবসা ও কৌশলগত বিনিয়োগ।

আমেরিকান আইডলের বিচারক হিসেবে তিনি শুধু প্রতিভা আবিষ্কারই করেননি, নিজের ব্র্যান্ডকেও করেছেন আরও শক্তিশালী। ফ্যাশন ও পারফিউম ব্যবসা থেকে শুরু করে ‘Katy Perry Collections’ নামে নিজস্ব জুতার ব্র্যান্ড—সবখানেই তার উপস্থিতি।

শুধু ব্যবসা নয়, তার লাস ভেগাস রেসিডেন্সি শো-গুলো এখন কেটি পেরির আর্থিক সাম্রাজ্যের মূল স্তম্ভ। ২০২১ সালের ডিসেম্বরে শুরু হওয়া শোগুলোর প্রত্যেকটি গড়ে ৭ মিলিয়ন ডলার আয় করেছে। অনুমান করা হয়, প্রতি পারফরম্যান্সে তার আয় প্রায় ৩ থেকে ৩.৫ মিলিয়ন ডলার, যা জেনিফার লোপেজ ও ব্রিটনি স্পিয়ার্সের মতো সহকর্মীদের সমান।

বড় ব্র্যান্ডের সঙ্গে তার এনডোর্সমেন্টও বেশ লাভজনক। পেপসি, অ্যাডিডাস, প্রোঅ্যাক্টিভ—সবখানেই তিনি সাফল্যের ছাপ রেখেছেন। কেটি পেরি আমেরিকান আইডল থেকে বছরে ২৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন, যা শোয়ের ইতিহাসে সর্বোচ্চ। এমনকি ২০২০ সালের মহামারির সময়ও তার আয় ছিল ৩৮.৫ মিলিয়ন ডলার।

সংগীতের মঞ্চ থেকে ব্যবসায়িক দুনিয়া—সবখানেই দক্ষভাবে নিজের অবস্থানকে সোনার খাঁচায় পরিণত করেছেন কেটি পেরি। প্রমাণ করেছেন, তারকাখ্যাতি শুধু আলো নয়, তা হতে পারে এক সুবিন্যস্ত আর্থিক সাম্রাজ্যের ভিত্তি।