অনলাইন ডেস্ক:
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মৌখিক পরীক্ষা।
মৌখিক পরীক্ষা শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পিএসসি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। গত রোববার পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মাসুমা জাফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে অনলাইন ফরম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। এই ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে জমা দিতে হবে। অন্যথায়, প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৪৪তম বিসিএসে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ৭ জন, তথ্যে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ দেওয়া হবে।











