নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে চার দিনের ব্যবধানে একই ধরনের আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রায়েরবাজারে এ্যালেক্স ইমন হত্যার পর এবার বেড়িবাঁধ এলাকায় আসাদুল হক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল হক (২৮) এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকায়। তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগের দিকে যাওয়ার পথে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে একই এলাকায় এ্যালেক্স ইমন নামে এক যুবককে একই কায়দায় হত্যা করা হয়। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের দুটি হত্যাকাণ্ড ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।” তবে কারা বা কী কারণে এই হত্যার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে এলাকায় তল্লাশি ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।











