৬ কোটি টাকার গাড়ি উপহার পেলেন মাধুরী

অনলাইন ডেস্ক:

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত নতুন বছরের শুরুতেই পেয়েছেন বড় উপহার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার গ্যারেজে যুক্ত হয়েছে নতুন একটি বিলাসবহুল লাল ফেরারি, যার দাম প্রায় ৬ কোটি টাকা। এই গাড়িটি তাকে উপহার দিয়েছেন তার স্বামী, বিশিষ্ট চিকিৎসক শ্রীরাম নেনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মাধুরী দীক্ষিত কালো পোশাকে এবং শ্রীরাম নেনে সাদা শার্ট ও কালো কোট-প্যান্ট পরে গাড়ি কিনতে শোরুমে গেছেন। সেখান থেকে নতুন লাল ফেরারি নিয়ে তারা বাড়ি ফেরেন। ইনস্টাগ্রামে এই দম্পতির গাড়ি কেনার মুহূর্ত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

মাধুরীর বিলাসবহুল গাড়ির প্রতি আগ্রহ অনেক পুরনো। তার ব্যক্তিগত কালেকশনে রয়েছে মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, এবং ট্রুবো এস ৯১১-এর মতো গাড়ি। এসব গাড়ির আনুমানিক মূল্য ৫ থেকে ১৪ কোটি টাকার মধ্যে।

প্রসঙ্গত, বর্তমানে মাধুরী সিনেমায় কম কাজ করলেও তার জনপ্রিয়তা অটুট। গত বছর মুক্তি পাওয়া “ভুলভুলাইয়া ৩” সিনেমায় তার অভিনয় দর্শকনন্দিত হয় এবং ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল। অভিনয়ের পাশাপাশি মাধুরীর একটি প্রযোজনা সংস্থা রয়েছে এবং তিনি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন।