৬ মাস পর নওফেল ও রেজাউলের বিরুদ্ধে হামলার মামলা

অনলাইন ডেস্ক:

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিমসহ ১২৭ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার বাকলিয়া থানায় মামলাটি দায়ের করেন মো. ইলিয়াছ নামের এক ব্যক্তি, তবে এ বিষয়টি গতকাল রোববার প্রকাশ পায়।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, মামলাটি আদালতের আদেশে গত শুক্রবার গ্রহণ করা হয়েছে। বাদী আদালতে মামলার আবেদন করেছিলেন, এবং এতে ১২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গত ২৮ জানুয়ারি ইলিয়াছ চট্টগ্রাম মহানগর আদালতে মামলার আবেদন করেন, এবং ৬ ফেব্রুয়ারি আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য থানাকে আদেশ দেয়। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরীকে। তারপরে আসামি করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুণর রশিদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার রোজীকে।

এছাড়া, ৬ নম্বর আসামি সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ৭ নম্বরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ৮ নম্বরে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে রাখা হয়েছে।

বাদী অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আন্দোলন চলাকালে বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। এ সময় তার ডান হাতের কবজির রগ কেটে যায় এবং অন্যান্যরা তাকে মারধর করে। হামলার ভয়ে সেদিন হাসপাতাল যেতে পারেননি, পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৮ আগস্ট পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।