নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।
টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আজ বৃহস্পতিবার সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ওই সাত জেলে হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমেদ আলী (৪৮), তার দুই ছেলে আব্দুর রহিম (২০) ও নুরুল আবসার (১৮), নয়া পাড়ার আব্দুর রহমান (৪৮), সাব্বির আহমদ (৪০), গুড়া মিয়া (৬৫) ও আব্দুল মোতালেব (৩৮)।
স্থানীয় এক জেলে জানান, “বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়।”
আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও রয়েছেন বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী জেলে জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ ও নয়া পাড়ার ১৫-২০টি নৌকা বাংলাদেশের জলসীমায় ঘোলার চর এলাকায় মাছ শিকার করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুটি স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করেন। অন্য নৌকাগুলো পালিয়ে আসতে সক্ষম হলেও দুটি নৌকা ধরে নিয়ে যায় তারা। ধরে নিয়ে যাওয়ার সময় জেলেদের মারধর করা হয়েছে বলেও জানান তিনি।
জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ বিজিবি ক্যাম্পে জানানো হয়েছে বলে জানিয়েছেন নয়া পাড়া মৎস্য ঘাটের সভাপতি কেফায়েত উল্লাহ।











