নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল (১ ফেব্রুয়ারি) শনিবার থেকে ৯ মাসের জন্য কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটক ভ্রমণের সময়সীমা শেষ হচ্ছে আজ (৩১ জানুয়ারি)। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক প্রবেশের অনুমতি থাকে। তবে এবার ৩১ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করেছে সরকার।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, ‘৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে। এরপর আর কোনো পর্যটকবাহী জাহাজ সেখানে চলাচল করতে দেওয়া হবে না। তবে সরকার যদি সময়সীমা বাড়ায়, তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, পর্যটক প্রবেশ বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী। তিনি বলেন, ‘অতীতে দ্বীপে এমন সংকট তৈরি হয়নি। পর্যটক আসা বন্ধ হলে এখানকার বাসিন্দারা নানামুখী সংকটে পড়বেন।’
তিনি আরও বলেন, ‘দ্বীপের পর্যটন ব্যবসার সঙ্গে শত শত মানুষ জড়িত। মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।’











