মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে মৃত ঘোষণা করা হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় সিএমএইচ, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গভীর রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার আরও অবনতি হলে ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার চারবার ও বৃহস্পতিবার আরও দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ) হয়।

ঢাকা সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানিয়েছেন, আজ সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। বেলা ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।