ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক:
ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। রবিবার (২৩ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এসব পদক্ষেপের তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। এর পাশাপাশি, আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী করা হবে, এবং বিআরটি লেন দিয়ে শুধুমাত্র আউটগোয়িং যানবাহন চলাচল করবে।
ঈদের আগে ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরা আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক, যেখানে শুধু ঢাকা মহানগর থেকে বের হওয়ার জন্য একমুখী যানবাহন চলাচল করবে।
এই সড়কে ঢাকায় প্রবেশ করতে আসা যানবাহনগুলো আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্যান্য এলাকায় প্রবেশ করবে। এছাড়াও, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকার বাইরে যাওয়ার জন্য একমুখী ডাইভারসন ব্যবস্থা থাকবে।
এছাড়া, অন্যান্য যানবাহন ঢাকা অভিমুখী হয়ে বিআরটি লেনের পরিবর্তে নরমাল রাস্তায় ঢাকায় প্রবেশ করবে।
ঈদযাত্রার সুষ্ঠু এবং নির্বিঘ্ন চলাচলের জন্য কিছু সড়ক জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহৃত না করার জন্য বলা হয়েছে। এসব সড়কের মধ্যে রয়েছে:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)
পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)
ঢাকা-আরিচা মহাসড়ক (মিরপুর রোড: শ্যামলী টু গাবতলী)
ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু তাতিবাজার টু বাবুবাজার ব্রিজ)
ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ)
মোহাম্মদপুর বসিলা ক্রসিং হতে বসিলা ব্রিজ সড়ক
আব্দুল্লাপুর টু ধউর ব্রিজ সড়ক
এসব সিদ্ধান্ত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনের বিজয় হলের এক সভায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
