স্লোভাকিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ ও ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান ঢাকার

নিজস্ব প্রতিবেদক:

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্টালিয়ায় চলমান ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার।

বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষ অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সুযোগ-সুবিধা তুলে ধরে তিনি বাংলাদেশে স্লোভাক প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করে স্লোভাকিয়া বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ করতে পারে।

জবাবে স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বাংলাদেশে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সম্মতি জানান। বৈঠকে বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা ও বি-টু-বি সংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের পৃষ্ঠপোষকতায় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম ২০২৫’ শুক্রবার শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য— ‘ভঙ্গুর বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’। ফোরামে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান, ৫০ জনের বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনের বেশি মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।