ভারত ও নেপালে বজ্রাঘাতে ৬৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য ও পার্শ্ববর্তী নেপালে চলতি সপ্তাহে তীব্র বজ্রপাতের কারণে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। বিহারের দুর্যোগ কর্তৃপক্ষ গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

বিহার রাজ্যে গত বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র বজ্রপাতের ফলে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়। একই সময়ে, প্রতিবেশী নেপালে আরো ৮ জন বজ্রপাতে নিহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ কর্মকর্তারা জানায়।

এদিকে, ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, বিহারে শনিবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই ধরনের চরম আবহাওয়া পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিশেষজ্ঞরা গত বছর সতর্ক করেছিলেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় ১,৯০০ মানুষ বজ্রপাতে মারা যায়, এবং এই সংখ্যা ক্রমশ বাড়ছে। পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এক গবেষক দল জানায়, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১,০১,৩০৯ জন প্রাণ হারিয়েছেন। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মৃত্যুর হার নাটকীয়ভাবে বেড়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা, ভারতীয় সংবাদ সংস্থা