স্বর্ণের দাম আরও কমলো, ভরি ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

 

এর আগে ২৯ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ দুই দফা কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমল।

 

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা।

 

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রামকে বোঝানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।