পাল্টা শুল্ক আলোচনায় যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের বিষয়ে আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে উচ্চপর্যায়ের একটি বাংলাদেশি প্রতিনিধি দল। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “এই প্রতিনিধিদলে থাকবেন অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টরা। তারা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএসটিআর-এর সঙ্গে বৈঠকে বসবেন এবং ট্যারিফ ও নন-ট্যারিফ বিষয়ে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ চিহ্নিত করবেন।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্কারোপ সাময়িকভাবে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়সীমার মধ্যে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণে সচেষ্ট সরকার।

সভায় উপদেষ্টা আরও বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। অথচ তারা তাদের বাণিজ্য ঘাটতি হিসাব করছে শুধুমাত্র পণ্যের ভিত্তিতে, সেবার ক্ষেত্রে নয়। এই প্রেক্ষাপটে আমাদের ‘কর্মসমষ্টি’ প্রস্তুত করা হয়েছে, যার আলোকে প্রতিনিধিদল কাজ করবে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য প্রায় ২.২ বিলিয়ন ডলার। দেশের অবকাঠামোগত উন্নয়ন, পণ্যের মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের শুল্ক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার।

সভায় সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।