সুপার লিগে মোহামেডানের হাল ধরলেন মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রথম দিনেই মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। এ ম্যাচ থেকেই দলটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি মৌসুমে তৃতীয়বারের মতো অধিনায়ক পরিবর্তন করতে হলো মোহামেডানকে। শুরুতে নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল, এরপর দায়িত্ব পান তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। আর এবার সেই ভার উঠল মাহমুদউল্লাহর কাঁধে।

তাওহিদ হৃদয়ই মূলত সুপার লিগে মোহামেডানের অধিনায়ক হওয়ার কথা ছিল। তবে রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। ফলে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতেই পারছেন না এই ডানহাতি ব্যাটার।

তার আগে, মোহামেডানের মৌসুম শুরু হয়েছিল তামিম ইকবালের নেতৃত্বে। কিন্তু গত ২৪ মার্চ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। এরপর চিকিৎসার জন্য খেলার বাইরে চলে যেতে হয় এই অভিজ্ঞ ওপেনারকে। শারীরিক অবস্থা বিবেচনায় তামিমের পক্ষে আর খেলা সম্ভব নয়, যার ফলে মোহামেডানকে নেতৃত্বে পরিবর্তন আনতে হয়।

মাহমুদউল্লাহ রিয়াদ এর আগে জাতীয় দলেও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুপার লিগের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চায় মোহামেডান।