ডোমিনিকানে নাইটক্লাব ধসে নিহত ২৩১, মালিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক:

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবে ভয়াবহ ছাদ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩১ জন। ঘটনাটি ঘটেছে এক কনসার্ট চলাকালে, যেখানে উপস্থিত ছিলেন শত শত দর্শক। নিহতদের মধ্যে রয়েছেন প্রখ্যাত মেরেঙ্গু তারকা রুবি পেরেজ-ও।

এই ভয়াবহ দুর্ঘটনার পর, নিহতদের একজন ভার্জিলিও ক্রুজের পরিবার নাইটক্লাবের মালিকদের বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যা’র অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, নাইটক্লাবের অব্যবস্থাপনা, অবহেলা এবং নিরাপত্তার ঘাটতির কারণেই এই বিপর্যয় ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ক্রুজের বিধবা স্ত্রী এবং তার বাবা-মা প্রসিকিউটরদের কাছে অভিযোগ করে বলেন,

“নাইটক্লাবটির ‘নিরাপত্তা নকশা’ এবং ভবনে করা অননুমোদিত পরিবর্তনগুলোই ছিল মূলত মৃত্যুফাঁদ।”

তারা আরও জানান, ক্লাবটি দীর্ঘদিন ধরে অবহেলায় চলছিল, এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই শুধু ক্লাব মালিকই নয়, ডোমিনিকান রাষ্ট্র ও পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধেও নাগরিক দায়বদ্ধতার দাবি তুলবে পরিবারটি।

নথিপত্র অনুযায়ী, ভবনটি ছিল ৫২ বছরের পুরনো। ছাদের উপর ভারী এয়ার কন্ডিশনার, সাম্প্রতিক অগ্নিকাণ্ড, এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে ভবনটি ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়েছিল। এসব বিষয়েই মালিকপক্ষের ‍কাঠামোগত অবহেলা ও নিরাপত্তা ঘাটতি স্পষ্টভাবে উঠে এসেছে।

ঘটনাটি ঘটে গত সপ্তাহে মঙ্গলবার, যখন রুবি পেরেজের কনসার্ট চলছিল ‘জেট সেট’ নামের ওই নাইটক্লাবে। ছাদ ধসে পড়লে কনসার্টে আসা শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে যায়। নিহত হন মেরেঙ্গু তারকাও।

এই দুর্ঘটনাকে সাম্প্রতিক দশকের সবচেয়ে বড় ক্যারিবীয় বিপর্যয় বলছে স্থানীয় প্রশাসন। সরকার ঘটনার তদন্তে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠন করেছে। তদন্তে সহায়তা করবেন বলে জানিয়েছেন ক্লাবটির মালিক আন্তোনিও এসপাইলাট।

উদ্ধার অভিযানে স্নিফার কুকুরসহ ৩০০-র বেশি কর্মী অংশ নেন এবং কয়েকদিন ধরে চলে টানা তল্লাশি। এখন পর্যন্ত ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ঘটনায় পুরো ডোমিনিকান প্রজাতন্ত্রজুড়ে চলছে শোক আর ক্ষোভ। দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও নাগরিক সমাজ।